
মোঃ সামছু জোহা, গাইবান্ধা থেকে:
শীতের আমেজ শুরু হতেই গাইবান্ধা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে জমে উঠেছে চিতই পিঠার জমজমাট আয়োজন। বিকেল গড়াতেই গরম গরম চিতই পিঠার স্বাদ নিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলছে পিঠা খাওয়া, গল্প আর আড্ডা।
মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে প্রতিটি চিতই পিঠা। সঙ্গে রয়েছে সরিষা বাটা, মরিচ বাটা, ধনেপাতা ভর্তা ও শুঁটকি ভর্তাসহ নানা পদের মুখরোচক আয়োজন। গরম পিঠার সঙ্গে বাহারি ভর্তার স্বাদ নিতে ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।
শহরের ব্যস্ততম এই মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু স্বস্তির সময় কাটাতে অনেকেই ছুটে আসছেন এসব পিঠার দোকানে। কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন।
বিশেষ করে সন্ধ্যার পর দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্বল্পমূল্যে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই আয়োজন।
শীতের মৌসুমি এই পিঠার দোকানগুলো কেবল খাবারের আয়োজনেই সীমাবদ্ধ নয়; নগরজীবনে মানুষের আড্ডা, আনন্দ ও সামাজিক মেলবন্ধনেরও একটি পরিচিত জায়গা হয়ে উঠেছে।
বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ব্যস্ততা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আনাগোনাও আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ঐতিহ্যবাহী চিতই পিঠা আর নানা পদের ভর্তার স্বাদে গাইবান্ধার ১ নম্বর ট্রাফিক মোড় এখন শীতের সন্ধ্যার এক প্রাণবন্ত আড্ডাকেন্দ্র। মাত্র ১০ টাকার পিঠায় স্বাদ, ঐতিহ্য আর আড্ডার এমন মেলবন্ধন শহরবাসীর কাছে হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ।
Leave a Reply